প্রকাশিত: Thu, Sep 28, 2023 9:05 PM
আপডেট: Thu, Mar 12, 2026 9:28 PM

[১] সঙ্কটকালে পেশাজীবীদের এগিয়ে আসার আহবান মির্জা ফখরুলের

রিয়াদ হাসান: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির সঙ্কটকালে পেশাজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন আর নীরব থাকার সুযোগ নেই। দেশ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। 

[৩] বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পেশাজীবী কনভেনশন সফল করার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

[৪] সভায় পেশাজীবী নেতারা বলেন, দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। যে কোন মূল্যে আমরা গণতন্ত্রকে মুক্ত করব। একইসঙ্গে দেশের মানুষকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই জন্য যত ত্যাগই স্বীকার করতে হয় বুদ্ধিজীবী-পেশাজীবীরা করবে।

[৫] পেশাজীবীরা আরো বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত আজ নেই। সভা, সমাবেশ করার অধিকার, এমন কি বাক স্বাধীনতাও আজ কেড়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতীত পেশাজীবীরা। দেশের মানুষ আজ অসহায়।

[৬] পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি পরিষদের জোনায়েদ সাকি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. হারুন আল রশিদ, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না